আব্দুর রাজ্জাকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন এনামুল হক জুনিয়র। বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ককে অর্জনটি ছুঁতে খেলতে হয়েছে ১৩৬ ম্যাচ।
জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের শেষদিনে রংপুরের বিপক্ষে ৪৯৯ উইকেট নিয়ে সিলেটের বাঁহাতি স্পিনার এনামুল দাঁড়িয়ে ছিলেন রেকর্ডের দোরগোড়ায়। রংপুরের দ্বিতীয় ইনিংসে পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন। নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই পেয়ে যান কাঙ্ক্ষিত উইকেট।
হোম ভেন্যুতে রংপুর ওপেনার জাহিদ জাভেদকে উইকেটরক্ষক জাকির হাসানের গ্লাভসে জমিয়ে মাইলফলকে নাম লেখান। ১৩৬ ম্যাচে তিনি বোলিং করেছেন ২০৪ ইনিংসে।
এনামুল ৩৪বার নিয়েছেন পাঁচ উইকেট। সেরা বোলিং ৪৭ রানে ৭ উইকেট। ৩৪ বছর বয়সী এনামুল ম্যাচে দশ উইকেট নিয়েছেন ৬ বার।
জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে নামার আগে এনামুলের উইকেট ছিল ৪৯৬টি। সিলেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে রংপুরের ৩ উইকেট নেন। তাতে স্বপ্নপূরণের খুব কাছে চলে আসেন এনামুল।
খুব বেশি অপেক্ষা করতে হয়নি। দ্বিতীয় ইনিংসে উইকেটের দেখা পেয়ে যান নিজের দ্বিতীয় ওভারেই।
দেশের প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে চূড়ায় অবস্থান করা রাজ্জাক ৬৩৪ উইকেট শিকারের পর অবসরে যান। বাঁহাতি স্পিনার খেলেছেন ১৩৭ ম্যাচ।







