প্রথমে বিশ্বকাপ শুরুর চব্বিশ ঘণ্টা আগে কোচ ছাঁটাই, পরে টিম ডিরেক্টরকে দিয়ে আপদকালীন কোচের দায়িত্ব চালিয়েছে স্পেন। সেই হিয়েরোও স্প্যানিশদের কোচের পদ ছেড়েছেন। তারপর থেকেই খবরের পালে হাওয়া, নতুন কোচ হতে যাচ্ছেন লুইস এনরিকে।
বার্সেলোনার সাবেক কোচ এনরিকের স্পেনের দায়িত্ব নেয়ার সম্ভাবনার খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম মার্কা। ৪৮ বছর বয়সী এনরিকের দায়িত্ব নেয়ার বিষয়টি নাকি অনেকদূর এগিয়েও গেছে। যদিও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের দিক থেকে কোনো মন্তব্য আসেনি।
রাশিয়ায় নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় পৌঁছেছিল স্পেন। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিকদের কাছে টাইব্রেকারে হেরে ছিটকে যায়। তারপর থেকেই নতুন করে ঘর গোছাতে চাচ্ছে দেশটি।
এনরিকে ২০১৪ সালে বার্সার দায়িত্ব নিয়েছিলেন। মেসিদের কোচিং করিয়েছেন তিন বছর। শিরোপা জিতিয়েছেন ৯টি। ২০১৭ সালে দায়িত্ব ছেড়ে অবকাশেই ছিলেন।







