আফগানিস্তান টেস্টের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার। প্রশ্নের কারণ অবশ্যই বিরাট কোহালির না খেলতে পারা। এই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে কোহালির কোনটা বেছে নেয়া উচিত ছিল?
কেউ বলছেন প্রস্তুতির জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। আবার কারও মত, টেস্ট ক্রিকেট ছেড়ে কাউন্টি খেলতে যাওয়া উচিত হয়নি কোহলির। তাও আবার সেটা যখন দেশের মাটিতে হচ্ছে।
বিসিসিআইর সাবেক প্রধান নির্বাচক দিলীপ অবশ্য নতুন প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টেস্ট খেলার সময় সঠিক নির্বাচন হয়নি। কারণ ভারতীয় দলকে এই মুহূর্তে মনোনিবেশ করতে হত ইংল্যান্ড সফরের উপর। ভারতীয় ‘এ’ দল ইংল্যান্ড যাচ্ছে, সেটা ভালো দিক। এই ভারতীয় দলেরও সেটা করা উচিত ছিল।’
এর সঙ্গে বেঙ্গসরকারের সংযোজন, ‘কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে যেহেতু টেস্ট ম্যাচ সেটাকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। আফগানদেরও এটা প্রথম টেস্ট। তাদের সামনে নিজেদের প্রমাণ করারও একটা লক্ষ্য থাকবে আন্তর্জাতিক পর্যায়ে।’
আফগানিস্তান-ভারত টেস্ট ম্যাচ খেলবে ১৪ থেকে ১৮ জুলাই বেঙ্গালোরে। ইংল্যান্ড ট্যুর শুরু হবে জুলাইয়ে। প্রথম টেস্ট ম্যাচ ১ অগস্ট। তবে বিরাট কোহলির কাউন্টি খেলার সিদ্ধান্তকে সমর্থন করছেন দিলীপ বেঙ্গসরকার।
বলেন, ‘আমি যদি নির্বাচক হতাম তা হলে চেতেশ্বর পূজারাকেও বলতাম কাউন্টি খেলার জন্য থেকে যেতে। কারণ তারাই ইংল্যান্ডে খেলবে। এই সময়ে ভারতের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে খেলার কোনো মানে হয় না।’
কোহলির জন্য সবশেষ ইংল্যান্ড সফরটা মোটেও সুখকর নয়। ৫ ম্যাচের টেস্ট সিরিজের ১০ ইনিংসে রান করেছিলেন মাত্র ১৩.৫০ গড়ে।
তবে এবার কোহলিকে নিয়ে আশাবাদী দিলীপ, ‘আমি মনে করি,এই মুহূর্তে সেই বিশ্বের সেরা ব্যাটসম্যান। গত চার বছরে সে নিজেকে নাম্বার ওয়ান ব্যাটসম্যান হিসাবে প্রতিষ্ঠিত করেছে। সুতরাং তার কাছ থেকে ভালো কিছুই আমার আশা করতে পারি। অবশ্যই ইংল্যান্ড সফরটা ‘তার হবে’। আমি নিশ্চিত সে ভালোই করবে।’
আগের দুটি সফরে ইংল্যান্ডের কাছে ৪-০ ও ৩-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল ভারত। কিন্তু আগের দলের সঙ্গে তুলনা করে এবারের দলটা নিয়ে বেশি আত্মবিশ্বাসী দিলীপ। বর্তমান দলের বোলিং আক্রমণের জন্যেই ভারতের জেতা উচিত বলে মনে করেন তিনি।







