চলতি মৌসুম শেষে পিএসজির সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে কাইলিয়ান এমবাপের। তার আগেই ফ্রেঞ্চ তারকার জন্য বড়সড় দাম হাঁকিয়ে বসে আছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এমবাপের পিএসজি সতীর্থ আন্দ্রে হের্রেরা অবশ্য মনে করেন, পিএসজিতেই থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমবাপের।
‘এখনও এমবাপের চুক্তি নবায়ন করার সুযোগ রয়েছে। এর আগেও আমরা ফেব্রুয়ারি, মার্চ, এমনকি এপ্রিলেও চুক্তি নবায়ন হওয়ার বিষয়টি দেখেছি। তাই আমার মনে হয়, এখনো সময় আছে।’
এমবাপেকে পাওয়ার ইচ্ছা রিয়ালের যেমন রয়েছে, এমবাপেরও ইচ্ছে সেখানে খেলার। বিভিন্ন সময়ে গণমাধ্যমে রিয়ালে খেলতে চাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
স্প্যানিশ মিডফিল্ডার হের্রেরা অবশ্য এটিও জানিয়েছেন, ব্যক্তিগত এসব বিষয় নিয়ে তাদের কথা হয় না। দুজনের সম্পর্কটা বন্ধুত্বের এবং এমবাপে নিজেদের ভবিষ্যৎ নিয়ে খুব একটা আলোচনায় জড়ান না।
‘এমবাপে একজন বন্ধুত্বপূর্ণ এবং মজার মানুষ। দলের সবার সাথেই সে অনেক হাসিঠাট্টা করে এবং আমরা একজন আরেকজনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করি না। আমি মজা করছি না, সত্যিই আমরা কারো চুক্তি নিয়ে ড্রেসিংরুমে আলোচনা করি না।’








