সবশেষ কয়েকটি টেস্টের স্কোরকার্ডে চোখ রাখলেই মিলবে বাংলাদেশের উন্নতির ছবি। জয়, ড্র, লড়াইয়ের পর, ব্যক্তিগত অসাধারণ কিছু কীর্তিতে মাঠের পারফরম্যান্সের গ্রাফ যেমন উর্ধ্বমুখী, টেস্ট খেলার সংখ্যাতেও তাই। খেলার সুযোগ বাড়ায় টেস্টে প্রতিষ্ঠিত শক্তি হওয়ার মনছবি আঁকছেন তামিম ইকবাল। টেস্ট দলের সহ-অধিনায়ক মনে করেন আগামী এক-দেড় বছর পারফরম্যান্সের উন্নতির ধারাবাহিকতা রাখতে পারলে সেটি সম্ভব।
শুক্রবার মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘একটা সময় ছিল আমরা টেস্ট খেলার তেমন সুযোগ পেতাম না। এটা আমরা ক্রিকেটাররা অনেকবারই বলেছি। আপনি যদি শেষ দুই বছর দেখেন, এই সময়ে গ্রাফ কিন্তু খুব ভালোর দিকে এগোচ্ছে। সামনে যদি আরও এক বছরের কথা চিন্তা করেন, সেখানেও কিন্তু আমরা ৬/৭টা টেস্ট খেলবো। এটা ইতিবাচক লক্ষণ আমাদের জন্য। এই ফরম্যাটে আমাদের এখনও অনেক উন্নতির বাকি আছে। আমার মনে হয়, আগামী দেড় বছর সঠিক সময় যেখানে আমরা নিজেদের একটা ভালো টেস্ট দল হিসেবে গড়ে তুলতে পারি।’
চলতি বছরেই বাংলাদেশ খেলেছে প্রায় পাঁচটি টেস্ট। অস্ট্রেলিয়ার সঙ্গে ঘরের মাঠে দুটি ও সাউথ আফ্রিকা সফরে দুটি-মোট চারটি টেস্ট অপেক্ষা করছে। পরের বছরও বাংলাদেশ পাবে সাত-আটটি টেস্ট খেলার সুযোগ।
তামিম যে সময় ক্রিকেট শুরু করেন তখন এত টেস্ট খেলার সুযোগ ছিল না। যে কারণে ১০ বছর পেরিয়ে এসে অপেক্ষায় নিজের ৫০তম টেস্ট খেলার। রোববার মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামলেই পূর্ণ হবে টাইগার ওপেনারের টেস্টের ফিফটি। তা নিয়ে বাড়তি রোমাঞ্চ নেই, আছে পারফরম্যান্স দিয়ে বিশেষ ম্যাচ করে রাখার ইচ্ছা, ‘বাড়তি কোনো রোমাঞ্চ নেই। ৫০তম টেস্ট একটি বিশেষ অকেশন। আমার পারফরম্যান্স বা দলের পারফরম্যান্স দিয়ে এটাকে আরও বিশেষ করা যায় না কি ওই লক্ষ্য থাকছ।’
নিজের পঞ্চাশ টেস্টের কাছাকাছি আসতে দীর্ঘ সময় লাগলেও তামিম মনে করেন এখন যারা আন্তর্জাতিক ক্রিকেটে আসবে তাদের অতটা সময় লাগবে না, ‘সত্যি কথা কোনো সংখ্যা মাথায় ছিল না- কতগুলো ম্যাচ খেলব বা এতগুলো ম্যাচ খেলব। যখন টেস্ট ক্রিকেট শুরু করি বা আমার অভিষেক হয় তখন মাথায় এটা ছিল, যত লম্বা সময় বাংলাদেশের হয়ে খেলা যায়। ওটাই লক্ষ্য ছিল। নির্দিষ্ট কোনও সংখ্যা মাথায় ছিল না। একটা সময়ও মনে হচ্ছিল, আমরা যেভাবে টেস্ট খেলছি তাতে ৫০টা টেস্ট খেলতে পারবো কি না তা নিয়ে সন্দেহ হচ্ছিল। এখন আমাদের অনেক ক্রিকেট বেড়েছে। টেস্ট বেশি খেলছি আগের তুলনায়। এখন থেকে যাদের অভিষেক হবে তাদের জন্য নাম্বার সেট করা সহজ হবে আমাদের চেয়ে।’









