ব্যাঙ্গালুরু (কর্ণাটক), ভারত থেকে:সানি-তাসকিন আপাতত দেশে ফিরে যাচ্ছেননা। আবার তাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারেও এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি বিসিবি’র পক্ষ থেকে।
দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এখন পর্যন্ত আশাবাদী নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপেই মাঠে ফিরতে পারবে এ দু’ক্রিকেটার। বিশেষ করে তাসকিনের ব্যাপারে আজও আশার কথা শুনিয়েছেন বোর্ড সভাপতি নজমুল হাসান পাপন। ইতিমধ্যে বিসিবির পক্ষ থেকে আইসিসি’র কাছে আবেদনও করা হয়েছে।
এমন খবরে আশার প্রত্যাশার পারদ আবারও চড়েছে টাইগার ক্রিকেট ভক্তেদের মনে।
টিম টাইগার্সের সঙ্গে থাকা টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, আপাতত তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছেনা। আশা করা হচ্ছে ব্যাঙ্গালুরু পর্ব পর্যন্ত তারা দলের সঙ্গেই থাকবে। এরপর তাদের দেশে ফেরা না ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল মাঠে নামার আগে ছুটি কাটিয়েছেন টাইগারারা। দুপুরের পর থেকে টিম টাইগার্সের সদস্য এবং টিম ম্যানেজমেনেন্টের সঙ্গে থাকা সদস্যদের বিভিন্ন রেস্টুরেন্ট এবং মলে ঢু মারতে দেখা যায়।
এর আগে সানি-তাসকিনের সব ধরণের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধের পর থেকেই সমালোচনা চলছে সর্বত্র।
অভিযোগ রয়েছে তাসকিনকে নিষিদ্ধের ক্ষেত্রে আইসিসি তার নিজের তৈরি নিয়মেরই তোয়াক্কা করেনি। কেননা, কারও বোলিং অ্যাকশন নিয়ে ম্যাচ আম্পায়ার সন্দেহ প্রকাশ করলে তাকে শুধু ওই ডেলিভারির জন্যই পরীক্ষা দিতে হয়।
কিন্তু আইসিসির অভিযোগ শর্টপিচ ডেলিভারির ক্ষেত্রে তাসকিনের হাত ১৫ ডিগ্রির বেশি বেকে যায়। কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে পুরো ইনিংসে তাসকিন একটিও শর্টপিচ ডেলিভারি দেননি।






