আশুরার রাতে রাজধানীর হোসেনী দালানে বোমা হামলা করে হত্যা মামলায় দশ জনকে অভিযুক্ত করে আগামী সপ্তাহেই আদালতে চার্জশীট দিচ্ছে গোয়েন্দা পুলিশ ডিবি।
ঘটনায় জড়িত সবাইকে সনাক্ত করা গেছে বলে দাবি করেছেন ঢাকার গোয়েন্দা প্রধান দিদার আহমেদ।
পবিত্র আশুরার রাতে তাজিয়া মিছিলের প্রস্ততির সময় রাজধানীর হোসেনী দালান ইমামবাড়ায় বোমা হামলা চালিয়ে তছনছ করা হয় সব আয়োজন। হামলায় নিহত হয় একজন।
থানা পুলিশ ছাড়াও তদন্তে নামে ডিবি ও র্যাব। গোয়েন্দারা আটক করে ঘটনার নেপথ্যের কুশীলবদের। তদন্ত শেষে এখন চার্জশীট দেয়ার প্রস্ততি নিচ্ছে ডিবি।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার বলেছেন, যে দশ জনের বিরুদ্ধে চার্জশীট হচ্ছে তাদের ৫ জনকে গ্রেফতার করেছে ডিবি। যারা পরিকল্পনাকারী, অর্থের যোগানদাতা, সহায়তাকারীদের অন্যতম। বাকী যে পাঁচ জনকেও সনাক্ত করা হয়েছে। চার্জশীটে সাক্ষীর তালিকায় থাকছে প্রায় ত্রিশ জনের নাম।
আলামত হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে বিস্ফোরিত বোমার স্প্লিন্টার ও নিহতের পরিধেয় কাপড় চোপড়। মামলার বিচারে আসামীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে দাবি করেছেন গোয়েন্দারা।






