এক যুগ ধরে বন্ধ থাকা রোকেয়া স্মৃতি কেন্দ্র আবার আলোর মুখ দেখতে যাচ্ছে। এতে আশার আলো সঞ্চার হয়েছে এলাকাবাসীর মধ্যে। বেগম রোকেয়ার জন্মবার্ষিকীতে রোকেয়ার জন্মস্থানকে আরো আলোকিত করার দাবী এলাকাবাসী ও সচেতন মানুষদের।
রংপুর নগরী থেকে ৯ কিলোমিটার দূরে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে ১৮৮০ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া। যুগ যুগ ধরে মৌলিক অধিকার বঞ্চিত নারীদের জন্য আলোর দিশারী ছিলেন মহিয়সী এ নারী।
বেগম রোকেয়াকে মানুষের কাছে আরো বেশি পরিচিত করতে ২০০১ সালে ৩ একরের বেশি জমির উপর গড়ে তোলা হয় বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র। রোকেয়ার জীবন ও কর্ম সম্পর্কে গবেষণা, তার গ্রন্থাবলির অনুবাদ, এবং সাংস্কৃতিক চর্চাসহ অন্যান্য কার্যক্রম নিয়ে স্মৃতিকেন্দ্র চালু হলেও ২০০৪ সালের পর তা আর স্থায়ী হয়নি। এতে ক্ষোভ আছে মানুষের।
তবে সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে স্মৃতিকেন্দ্রের কার্যক্রম দ্রুত চালু ও বেতন রাজস্ব খাতে নেয়ার ঘোষণা এসেছে।
রোকেয়া স্মৃতিকেন্দ্রের কার্যক্রম চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসন।
রোকেয়াকে চির জাগ্রত রাখতে তার জন্মস্থান পায়রাবন্দকে শিক্ষানগরী হিসেবে গড়ে তোলার দাবিও রংপুরবাসীর।








