সদ্য এক নম্বর হয়েছেন। তাই রজার ফেদেরারের ঝাঁঝ যেন আরও বেড়ে গেল রটারডাম ওপেনের ফাইনালে। মাত্র এক ঘণ্টায় উড়িয়ে দিলেন ‘বেবি ফেদেরার’কে। ফাইনালে গ্রেগর দিমিত্রভকে ৬-২, ৬-২ গেমে হারিয়ে শিরোপা জিতেছেন সুইস কিংবদন্তি।
ফাইনালে ফ্রেড-এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী গ্রেগর দিমিত্রভের টেনিস সার্কিটে নাম ‘বেবি ফেদেরার’। অনেকটা ফেদেরারের মতোই তার খেলার স্টাইল বলে বুলগেরিয়ানকে এই নামে ডাকা হয়। দুই ফেদেরারের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানটা এদিন ৬-০ থেকে ৭-০ করে ফেললেন সুইস মহাতারকা।
ক্যারিয়ারে ৯৭ নম্বর খেতাব জেতার চ্যালেঞ্জে নামার আগেই সবচেয়ে বেশি বয়সী টেনিস খেলোয়াড় হিসেবে বিশ্বের এক নম্বরের সিংহাসনে বসার বিশ্বরেকর্ড গড়ে ফেলেছিলেন ফেদেরার। সেই নজিরে তুলির শেষ টানটা যেন দিলেন ফাইনালে দিমিত্রভকে উড়িয়ে দিয়েই। তবে এতটা সহজে যে জিতবেন ফেদেরার নিজেও ভাবেননি।
২০১২-র পর রটারডামে আবার খেতাব জিতলেন ফেদেরার। পরে বলেছেন, খেতাব জয়ের সংখ্যাটা নিয়ে যেতে চান ১০০-এ। টেনিস বিশ্বে সবচেয়ে বেশি খেতাবের মালিক জিমি কোনর্স। তার খেতাব জয়ের সংখ্যা ১০৯। ফেডেরার দ্বিতীয় স্থানে আছেন ৯৭টি টাইটেল জিতে।








