বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, সুরকার শেখ সাদী খান, অভিনেতা হুমায়ূন ফরিদী (মরণোত্তর) এবং ইলিয়াস কাঞ্চনসহ ২১ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদকে ভূষিত করেছে সরকার। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় এই ঘোষণা দেয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ ফেব্রুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে একুশে পদক দেবেন বলে সংস্কৃতি মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়।
এবারের একুশে পদক পাওয়া বিশিষ্ট নাগরিকরা হলেন- ভাষা সংগ্রামে আ. জা. ম. তকীয়ুল্লাহ (মরণোত্তর) ও অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম। শিল্পকলায় সঙ্গীত বিভাগে শেখ সাদী খান, সুজেয় শ্যাম, ইন্দ্র মোহন রাজবংশী, মো. খুরশীদ আলম, মতিউল হক খান। শিল্পকলার নৃত্য বিভাগে বেগম মীনু হক (মীনু বিল্লাহ), অভিনয়ে হুমায়ুন ফরিদী (হুমায়ুন কামরুল ইসলাম), নাটকে নিখিল সেন (নিখিল কুমার সেনগুপ্ত), চারুকলায় কালিদাস কর্মকার, আলোকচিত্রে গোলাম মুস্তাফা।
সাংবাদিকতায় একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন রণেশ মৈত্র, গবেষণায় ভাষা সৈনিক প্রফেসর জুলেখা হক, অর্থনীতিতে ড. মইনুল ইসলাম, সমাজসেবায় ইলিয়াস কাঞ্চন, ভাষা ও সাহিত্যে সৈয়দ মনজুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান (কবি হায়াৎ সাইফ), সুব্রত বড়ুয়া, রবিউল হুসাইন ও মরহুম খালেকদাদ চৌধুরী।








