একুশে পদকপ্রাপ্ত ফটোসাংবাদিক আফতাব আহমদ হত্যা মামলায় গাড়িচালকসহ ৫ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অপর একজনকে ৭ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
এই রায়কে ন্যায়বিচারের দৃষ্টান্ত উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। তবে রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে আসামিপক্ষ।
২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাতে রামপুরার বাসায় দৈনিক ইত্তেফাকের প্রবীণ ফটোসাংবাদিক আফতাব আহমদকে হত্যা করা হয়। ওই বাসায় একাই থাকতেন একুশে পদকে ভূষিত এই কৃতি সাংবাদিক।
ড্রাইভার হুমায়ুন কবির ওই হত্যায় জড়িত বলে তদন্তে বেরিয়ে আসে। তাকে সহায়তা করে হাবিব ও কিসলুসহ আরো ৫ জন। আদালতে স্বীকারোক্তিতে আসামিরা জানায়, ডাকাতির সময় তারা শ্বাসরোধ করে সাংবাদিক আফতাব আহমদকে হত্যা করা হয়।
ঘটনার তিন বছর তিন মাস পর ওই হত্যা মামলার রায় দিয়েছেন ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন সাংবাদিক আফতাব আহমদের স্বজনরা।
১৯৬৪ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধ্যমে আফতাব আহমেদ সাংবাদিকতা শুরু করেন। আলোকচিত্র সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য ২০০৬ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:
https://www.youtube.com/watch?v=skzX0i-pUbY&feature=youtu.be







