বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপ এবং এর প্রতিক্রিয়ায় শিক্ষার্থীদের সড়ক অবরোধসহ আন্দোলনে জনদুর্ভোগের প্রসঙ্গে কথা সাহিত্যিক আনিসুল হক একটি শান্তিপূর্ণ সমাধানে আসার আহবান জানিয়েছেন।
নিজের ফেসবুক পেজে আনিসুল হক লিখেছেন, একবার বাজেট পাস হয়ে গেলে সেটা আর বাতিল করা যায় না। এই আন্দোলন বাজেট পাস হওয়ার আগে করতে হতো।
ছাত্ররা একটা বড় শক্তি উল্লেখ করে তিনি লিখেছেন, জনসমর্থন সবচেয়ে বড় নিয়ামক। সরকারকে তা বিবেচনায় নিতে হবে। কাজেই একটা এস্কেপ রুট লাগবে। উভয়ের জন্য।
সড়ক অবরোধের ফলে আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে তিনি লিখেছেন, একদিনে অচল ঢাকায় কয়েকশ কোটি টাকার ক্ষতি হচ্ছে। আর আমরা কেউ যানজটে পড়তে চাই না। ঢাকার একটা রাস্তা ৫ মিনিটের জন্য বন্ধ থাকলে অন্যত্র তার প্রভাব পড়ে।
আন্দোলনের শান্তিপুর্ণ অবসান চেয়ে আনিসুল হক লিখেছেন, সবাইকে আন্দোলনের আপনারা একটা কিছু করুন। যাতে আমাদেরকে আর কষ্ট পেতে না হয়। তবে সেই একটা কিছু যেন শান্তিপূর্ণ হয়!






