বাংলাদেশ-ভারতে একদিনের ম্যাচটিতেও বাধা হয়ে এসেছে বৃষ্টি। ম্যাচের ১৫ ওভার ৪ বল খেলা শেষে বৃষ্টির কারণে এখন ম্যাচটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এরই মধ্যে দলীয় সংগ্রহ ১০০ এর গন্ডি ছাড়িয়েছে টাইগাররা। এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৯ রান।
তামিম ইকবাল ৫২ বলে ৫৭ এবং লিটন কুমার দাস ৪ বলে ৩ রান করে অপরাজিত রয়েছেন।
এর আগে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা এনে দেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতকের পূর্ণ করে রান আউটের শিকার হয়ে ফিরে গেছেন সৌম্য। ৪০ বলে ৫৪ রানের একটি মারকুটে ইনিংস খেলেন তিনি।
ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই দলের মধ্যকার একমাত্র টেস্টটি ড্র হয়। ফতুল্লা টেস্ট উত্তেজনা ছড়ালেও বৃষ্টির কবলে তা রঙ হারিয়েছে। তাই টাইগার ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন ‘হোম অব ক্রিকেটে’ আজ হতে যাওয়া ভারত ও বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ।
তবে পরিসংখ্যানের বিচারে এগিয়ে টিম ইন্ডিয়া। এ পর্যন্ত টাইগাদের সাথে ২৯ দেখায় ২৫ টিতেই জয় তুলে নিয়েছে ভারতীয়রা। বিপরীতে টাইগারদের জয় মাত্র তিনটিতে। অন্য ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ভারতীয় দল: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও মোহিত শর্মা।







