১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন পাকিস্তানি বংশোদ্ভূত মো. আফজাল। সেই বীর মুক্তিযোদ্ধার গল্প। একজন পশ্চিম পাকিস্তানির সন্তান হয়েও ১৯৭১ সালে কেন তার স্বজাতির বিপক্ষে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি? সেই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে ‘সবাই একজাত’ প্রমাণ্যচিত্রে। ছবিতে তার কাছ থেকে জানা গেছে ১৯৭১ সালের জাতিগত ভাবনা, মানবতা বিরোধী অপরাধ আর নারী ধর্ষণের মতো ভয়াবহ ঘটনার কথা। বললেন মৃদুল মামুন। ‘সবাই একজাত’ প্রামাণ্যচিত্র পরিচালনা করেছেন তিনি।
গতকাল রোববার সকালে মৃদুল মামুন জানান, কলকাতায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ‘সেলুলয়েড ৭১’–এ প্রামাণ্যচিত্র বিভাগে শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের পুরস্কার পেয়েছে ‘সবাই একজাত’। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব্যসাচী চক্রবর্তী, অপরাজিতা ঘোষ, আর জে প্রাভীনসহ অনেকে। ৮-১০ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অনুষ্ঠিত হয় এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব।
মৃদুল মামুন জানান, এর আগে তিনি ‘কবুতরবাজ’ ও ‘গতিপট’ নামে দুটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। এছাড়া জাতীয় সংগীতের ১১০ বছরের ইতিহাস নিয়ে তিনি তৈরি করেন প্রামাণ্যচিত্র ‘আমার সোনার বাংলা’। সরকারি অনুদানে তৈরি প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছে দৃশ্যকার ফিল্মস।







