কেরানীগঞ্জের একই পরিবারের ৪ জনকে হত্যা মামলায় ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস দেয়া হয়েছে একজনকে।
হত্যাকাণ্ডের এক বছর দু্ই মাসের মাথায় রায় দিয়েছেন ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২২ সেপ্টেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের কদমপুরে সাজু, তার স্ত্রী রঞ্জি, তাদের ৭ বছরের পুত্র ইমরান ও ২ বছরের মেয়ে সানজিদাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে দৃর্বৃত্তরা। দুইদিন পর ভাড়া বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
হত্যা মামলার প্রধান আসামী ডাকু সুমনের মোটর সাইকেল ও তার স্ত্রীর হাতের রুলী চুরি করায় ওই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে আসামীরা জবানবন্দিতে স্বীকার করে।
সাজুর ভাই বছিরউদ্দিনের দায়ের করা হত্যা মামলায় পুলিশ আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করে চলতি বছরের ১৬ জানুয়ারী। তাতে আসামী করা হয় ডাকু সুমন, জাকারিয়া ওরফে জনি, সিএনজি সুমন, নাসিরউদ্দিন ও আফসানাকে।
মাত্র ৪৮ কার্যদিবসে এ হত্যা মামলার রায় দিয়েছেন আদালত।
আসামীপক্ষ জানিয়েছে, রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপীল করবে। আদালতের রায়ের পর কারাগারে নিয়ে যাওয়ার সময় ফটো সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে আসামীরা।






