পরের পর্বে যেতে হলে জয়টা খুব করেই দরকার ছিল আবাহনী লিমিটেডের। সেটা যেকোনো ব্যবধানেই হোক। কিন্তু মালদ্বীপে গোলই করতে পারল না আকাশি-নীল বাহিনী। হতাশার এক ড্রয়ে প্রাথমিক পর্বেই শেষ হয়ে গেল এএফসি কাপ খেলার স্বপ্ন।
মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিপক্ষে এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডের প্লে-অফের প্রথম লেগে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করেছিল আবাহনী। ফিরতি লেগে দরকার ছিল জয়ের। মারিও লেমোসের দল মাজিয়ার বিপক্ষে করেছে গোলশূন্য ড্র।
২ অ্যাওয়ে গোল নিয়ে প্লে-অফে উঠে গেছে মাজিয়া। পরের রাউন্ডে খেলা হচ্ছে না গতবারের ইন্টার জোনাল সেমিফাইনালিস্ট আবাহনীর।
আগে থেকেই ২ গোল পাওয়ায় খুব একটা তেড়ে খেলেনি মাজিয়া। আবাহনীর মাঝেও ছিল না জয়ক্ষুধা। যার ফলে ম্যাচে গোল পায়নি কোনো দলই, অথচ জয়টা বেশি দরকার ছিল আবাহনীর!
বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন হওয়ায় আগের আসরগুলোতে সরাসরি খেলেছিল আবাহনী। এবার সেই সুযোগটা পাচ্ছে বসুন্ধরা কিংস।









