প্রথম পর্ব হয়েছিল বাংলাদেশে। ঘরের মাঠে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়পর্বের টিকিট পায় স্বাগতিক মেয়েরা। এবার দ্বিতীয়পর্ব পেরিয়ে মূলপর্বে খেলার চ্যালেঞ্জ, সেই পরীক্ষাও ঘরের মাঠেই দেয়ার সুযোগ পাচ্ছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। প্রথম পর্বের মতো দ্বিতীয়পর্বেরও স্বাগতিক হয়েছে বাংলাদেশ।
বুধবার চ্যানেল আই অনলাইনকে দ্বিতীয়পর্বের স্বাগতিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। দ্বিতীয়পর্বের ড্র হতে পারে আগামী ডিসেম্বরে। আর মাঠের লড়াই শুরু হবে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি থেকে।
বাছাইপর্বে বাংলাদেশসহ মোট ৮টি দল উঠেছে দ্বিতীয়পর্বে। বাকি সাত দল হল অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে, ইরান, লাওস, মায়ানমার, ফিলিপিন্স ও ভিয়েতনাম। এরমধ্যে শেষ দুটি দল দ্বিতীয়পর্বে উঠেছে সেরা দুই রানার্সআপ হিসেবে।
আট দলকে দুই ভাগ করে হবে দ্বিতীয়পর্ব। তিন দলকে সঙ্গী করে একটি গ্রুপের স্বাগতিক হবে বাংলাদেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ মোট ৪টি দল উঠবে মূলপর্বে। সেখানে স্বাগতিক থাইল্যান্ড, বর্তমান চ্যাম্পিয়ন নর্থ কোরিয়া, রানার্সআপ সাউথ কোরিয়া ও আগের আসরের তৃতীয় হওয়া দল জাপানের সঙ্গে মিলে আট দলকে নিয়ে হবে মূলপর্ব।









