শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনায় নির্বাক পুরো দেশ। জঙ্গিদের পরিচয় এবং তাদের পারিবারিক ইতিহাস জানার পরও হতভম্ভ পুরো দেশ। সেসব পরিস্থিতি নিয়েই এবার ফেসবুকে পোস্ট দিলেন আওয়ামী লীগ সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
ফেসবুক পোস্টে তিনি লিখেন,ভাবতে চেষ্টা করছিলাম কি লিখব, কিন্তু কোনো শব্দ খুঁজে পাচ্ছিলাম না। এটি ভয়ানক, বর্বরোচিত হামলা। এই হত্যাকারীরা মুসলমান নয়। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই।হত্যার শিকার ব্যক্তিদের, বিশেষ করে, যে পুলিশ কর্মকর্তাগণ সন্ত্রাসীদের থামাতে গিয়ে নিজেদের প্রাণদান করেছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
বিদেশী অতিথির প্রতি আতিথেয়তা আমাদের সংস্কৃতির অন্যতম উজ্জ্বল নিদর্শন। এই সন্ত্রাসীরা এটি বন্ধ করতে চায়। আমরা তাদেরকে সফল হতে দিতে পারি না। সকল ব্যক্তি ও ধর্মকে বাংলাদেশ সবসময়েই স্বাগত জানাতে প্রস্তুত আছে।এরপর আওয়ামী লীগ সরকারের উপর সবার দোষারোপের কথা টেনে তিনি বলেন, দুঃখজনক যে কিছু লোক আবারও আওয়ামী লীগের উপর অবহেলার আরোপ আনছেন। গত তিন বছরে ব্লগার ও বিদেশীদের উপরে হামলায় অংশগ্রহণকারী প্রায় সকল খুনিকে আমরা গ্রেফতার করেছি। আমাদের সরকারের গত সাত বছরে প্রায় প্রতি মাসেই অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছি। এমন প্রতিটি উদ্ধারে ব্যর্থ হলে আজকের এই হামলার মতো আরো হামলা হতো। সরকারকে ধন্যবাদ যে, এরকম হয়নি।
কেউই শতকরা ১০০ ভাগ সফল হতে পারে না। এই একবার আমরা ব্যর্থ হয়েছি। আমাদের চেয়ে আরও অনেক বেশি সক্ষমতা আছে, এমন অনেক ধনী দেশেও এমন সন্ত্রাসী আক্রমণ হয়েছে।
সবশেষে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহবান জানিয়ে সজীব ওয়াজেদ লিখেন, বাস্তবতা এটি যে, এই সন্ত্রাসীরা শিক্ষিত মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। এমন আরও অনেক আছে। এরা আপনার প্রতিবেশি হতে পারে, আত্মীয় হতে পারে, ছেলে হতে পারে। আমাদের দেশকে নিরাপদ রাখবার জন্য আমাদের প্রত্যেককে সতর্ক প্রহরার দায়িত্ব নিতে হবে। ধর্মের নামে মিথ্যে বলে আমাদের যুব সমাজের মগজ ধোলাই এর প্রক্রিয়াকে প্রতিহত করা অন্য যে কোনো কিছুর চেয়ে জরুরি। একাজে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে।








