হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প শুরু হবে আসছে জুনে। ব্যাটসম্যান, পেসার ও স্পিনার ক্যাটাগরিতে উদীয়মান ক্রিকেটাররা সুযোগ পাবেন সেখানে। বিশেষজ্ঞ কোচদের অধীনে ৪-৫ ম্যাসের ক্যাম্প থেকে স্কিল বাড়িয়ে নেয়ার সুযোগ তাদের। যেখানে জায়গা পাবেন ‘রবি খোঁজ দ্য নাম্বার ১ স্পিনার ক্যাম্পেইন’র সেরা স্পিনাররা। এইচপি কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম বুধবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
ফেব্রুয়ারিতে শুরু হওয়া স্পিনার হান্ট শেষ হবে ১০ এপ্রিল। বাছাই কার্যক্রমের তৃতীয় ও চূড়ান্ত ধাপ শুরু বৃহস্পতিবার। তার আগে মিরপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্যাম্পেইনের আয়োজক বিসিবি ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রবি। জানানো হয়, ৬০ জনের মধ্য থেকে চূড়ান্ত বাছাই শেষে ১০ জন স্পিনারকে বিজয়ী ঘোষণা করা হবে। যারা এইচপি ক্যাম্প করার সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি ও এইচপি কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম, রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ এবং স্পিন কোচ বিশেষজ্ঞ ওয়াহিদুল গনি। আয়োজকরা জানান, হান্টের মাধ্যমে যদি একজন হলেও ভালোমানের স্পিনার পাওয়া যায় সেটি হবে অনেক বড় অর্জন।
দেশব্যাপী জেলা ক্রীড়া সংস্থাগুলোর সহযোগিতায় ৬৪টি জেলায় অনুষ্ঠিত হয়েছে ক্যাম্পেইনের প্রথম পর্ব। প্রাথমিক পর্বে ৯২৯ জন ছেলে ও ৭২ জন মেয়ে স্পিনারকে বাছাই করা হয়। পরে বিভাগীয় পর্যায়ে এনে তাদের দ্বিতীয় পর্বের বাছাইয়ে দেখে নেওয়া হয়। সব শেষে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া আবাসিক ক্যাম্পে অংশ নেবেন ৫০ জন ছেলে, ৫ জন মেয়ে ও ৫ ফিজিক্যালি চ্যালেঞ্জড স্পিনার।
স্পিন কোচ ওয়াহিদুল গনি জানান, ‘বাছাইকৃতদের মধ্যে বেশ কয়েকজন লেগস্পিনার ও চায়নাম্যান বোলার পাওয়া গেছে। যাদের প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলার জন্য তৈরি করা সম্ভব। হান্টের মাধ্যমে যেটা হয়, আমাদের রাডাবের বাইরে যে সব প্রতিভা আছে তাদের খুঁজে পাওয়া যায়। যেটা ওই প্লেয়ারের জন্য একটা প্ল্যাটফর্ম। তেমনি একটা কোচের জন্যও চ্যালেঞ্জের, ওই প্লেয়ারটিকে উপরের দিকে তুলে আনতে।’







