প্রশাসনিক পদে রদবদল না করা হলে বোমা মেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়া হবে-এমন হুমকিতে সেখানে তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে সেখানে বোমা বা বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি।
শনিবার প্রায় দুই ঘণ্টা ধরে ঢাকা জেলা পুলিশের একটি দল বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনে তল্লাশি চালায়। তল্লাশিতে বোমার কোনো আলামত পাওয়া যায়নি বলে নিশ্চিত করে পুলিশ।
রোববার সকালে নতুন প্রশাসনিক ভবনে আবার তল্লাশি চালানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরী সজল।
প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের কাছে গত বুধবার বেনামি একটি চিঠি আসে। পরের দিন বিষয়টি জানিয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ওই চিঠিতে লেখা ছিলো, আপনার প্রশাসনিক কার্যক্রম মোটেই সুবিধাজনক না। আপনার কার্যক্রমে আমাদের সংগঠন খুশি না। ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে যদি প্রশাসনিক পদগুলো ঢেলে না সাজান, তাহলে নতুন প্রশাসনিক ভবন বোমা মেরে ধ্বংস করা হবে। পুরো প্রশাসনিক ভবন আমাদের নজরে রয়েছে। আপনার অগোচরেই টাইম বোমা ফিট করা হয়েছে।
এমন পরিস্থিতিতে তিনি ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।







