যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে স্কাই ডাইভারদের বহনকারী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন। হাওয়াইয়ের হনুলুলু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিবিসি জানায়, দুই ইঞ্জিন বিশিষ্ট কিং এয়ারের ওই উড়োজাহাজটিতে ৯ জন আরোহী ছিলেন। হনুলুলুর বিমান ঘাঁটি সংলগ্ন এলাকায় এটি বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত উড়োজাহাজটির কোনো আরোহীই জীবিত নেই বলে হাওয়াই পরিবহন বিভাগের এক টুইট বার্তায় জানানো হয়েছে।
দুর্ঘটনাস্থলের এক মাইল দূর থেকে তোলা ছবিতে সেখানে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
হাওয়াই ফায়ার সার্ভিসের প্রধান ম্যানুয়েল নেভেস গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছে উড়োজাহাজটির কোনো আরোহী জীবিত নেই।
তিনি বলেন, দুর্ঘটনার সময় স্কাই ডাইভারদের পরিবারের সদস্যরা নিচে ছিলেন। তারাও সম্ভবত উড়োজাহাজটিকে নিচে নামতে দেখেছেন। ঘটনাটি দুঃখজনক। এই পেশায় আমার ৪০ বছরের কর্মজীবনে এ ধরনের ঘটনার মুখোমুখী হলাম।
হনুলুলু ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে একটি উড়োজাহাজ নিচে পড়ে যাচ্ছে- এ ধরনের একটি খবর তারা জানতে পারে। উড়োজাহাজটিতে তিনজন যাত্রী এবং ৬ জন কিং এয়ারের কর্মী ছিলেন।








