ব্রাজিলের একটি ক্লাবের ফুটবলারসহ কলম্বিয়ায় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর সাউথ আমেরিকায় সব ধরণের ফুটবল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। রাতে দুর্ঘটনার পর মঙ্গলবার এক বিবৃতি এই ঘোষণা দিয়েছে সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন।
বলিভিয়া থেকে ছেড়ে যাওয়া বিমানটি কলম্বিয়ার মেডেলিন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে স্থানীয় সময় মধ্যরাতে বিধ্বস্ত হয়। এতে ৭২ জন যাত্রী ছিল। স্থানীয় গণমাধ্যমের বরাতে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানায়, বিমান থাকা যাত্রীদের ১০ জন জীবিত আছেন।
ফ্লাইটটিতে ব্রাজিলের ফুটবল ক্লাব শ্যাপেকোয়েন্সের খেলোয়াড়রা ছিলেন। তারা অ্যাটলেটিকো নেসিওনালের বিপক্ষে কোপা সুডামেরিকার ফাইনাল খেলতে মেডিলিনে যাচ্ছিলেন।
সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন তাদের সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, দুঃখজনক ওই দুর্ঘটনার খবর নিশ্চিত হওয়ার পর আমরা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাউথ আমেরিকায় সব ধরনের ফুটবল কার্যক্রম বন্ধ রাখার কথা বলছি।
ফেডারশনের সভাপতি আলেসান্দ্রাে ডমিনিগ ঘটনাস্থল পরিদর্শন করবেন বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।








