ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের শেষ দিনে বলেছেন, ‘উৎসব নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। উপমহাদেশের উচ্চাঙ্গ ধারার বাইরের দেশকে অন্তর্ভূক্ত করেছে।’ এদিকে উৎসব এর সম্প্রচার সহযোগি চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেছেন, ‘সংগীত ভালোবাসলে দেশ এগিয়ে যায়।’
সমাপনী সন্ধ্যায় ওড়িশি নাচে বিদূষী সুজাতার নাচ শেষে ছিল আলোচনা সভা। আলোচনায় অংশ নেন ব্র্যাকের চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ, ছায়ানটের সভাপতি ড. সনজীদা খাতুন, প্রফেসর ইমেরিটাস আনিসুজ্জামান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু। এছাড়াও আবাহনী ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ অনুষ্ঠানে উপিস্থত থাকতে না পারায় তার মা সংগীতশিল্পী আমিনা আহমেদ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, বাংলাদেশের উচ্চাঙ্গসংগীতের ধারাটি যখন ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে তখন বেঙ্গল ফাউন্ডেশনের শাস্ত্রীয় সংগীতের সম্মেলন সেই ধারার পুনরুজ্জীবন দান করেছে। এই বছর উৎসবে ভারত উপমহাদেশের বাইরেও কাজাখস্তানের অর্কেস্ট্রা দল এসেছে। তার মানে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব নিজেকে ছাড়িয়ে যাচ্ছে।’
স্যার ফজলে হাসান আবেদ বলেন, ‘সুরের জগতে তারকা শিল্পীদের পরিবেশনা অনাবিল আনন্দে মন ভরিয়ে দিয়েছে।’
সনজীদা খাতুন বলেন, ‘আমরা যেখান থেকে বাধা পাই, যেখান থেকে আমাদের ওপরে বোমা নিক্ষেপ করা হয়, সেখানে সংস্কৃতির শক্তি নিয়ে প্রতিহত করতে চাই। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু সংস্কৃতির শক্তি উপলব্ধি করেছিলেন তার সেই উপলব্ধিকে বাস্তবে রূপ দিতে হবে। শুধু পৃষ্ঠপোষকতা নয় সহযোগী হতে হবে। সর্বস্তরের মানুষকে সংস্কৃতির আলোয় আলোকিত করতে হবে। ধ্বংস নয়, মানুষকে ভালোবাসাই যে সবচেয়ে বড় কথা- এই বার্তা নিয়ে আমাদের প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে।’

উৎসবের সম্প্রচার সহযোগী চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সংগীত আয়োজন এই উচ্চাঙ্গ আসর। যা মুক্তিযুদ্ধের বাংলাদেশের জন্য বড় অর্জন। তিনি আরো বলেন, ছায়ানট কিংবা সুরের ধারা বাংলাদেশের সংস্কৃতিকে যে উচ্চতার পথে নিয়েছে তার সফল মর্যাদাপূর্ণ সংযোজন এ উৎসব।
উৎসব আয়োজক বেঙ্গল এর কর্ণধার আবুল খায়ের উৎসব আয়োজনে সম্মতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২৬ ডিসেম্বর রাজধানীর আবাহনী মাঠে শুরু হওয়া বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব এর পঞ্চম আসরে শনিবার উৎসবের শেষ দিন।
ছবি: তানভীর আশিক







