টি-টুয়েন্টি মানেই উৎসবের ক্রিকেট। কিন্তু, শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) শুরুর আগে শেষ অনুশীলনে বরাবরের মতোই সিরিয়াস ছিলেন ক্রিকেটাররা।
বৃহস্পতিবার সকালে মিরপুরের একাডেমি মাঠে প্রথমে অনুশীলনে যোগ দেয় বরিশাল বুলস, খুলনা টাইটান্স এবং চিটাগং ভাইকিংস। এরপর অনুশীলন করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। বিকেলে ঢাকা ডায়নামাইটস এবং রংপুর রাইডার্স অনুশীলন করে।
প্রতিটি দলের খেলোয়াড়রাই মাঠে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং প্র্যাকটিসে ঘণ্টা দুয়েক করে ঘাম ঝড়ান।
দেশি তারকা খেলোয়াড়দের সঙ্গে সিরিয়াস সেশনে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে বিদেশী খেলোয়াড়দেরও।

ক্যারিবীয় স্যামি, কুপার, স্যামুয়েলস ছাড়াও পাকিস্তানী উমর আকমল, খালিদ লতিফ, ইমাদ ওয়াসিমরা মাঠে প্র্যাকটিস করেছেন।
বিপিএলে অংশ নিতে এরই মধ্যে ৭৬ জন বিদেশী ক্রিকেটার ঢাকায় এসেছেন বলে নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
সাকিব কিংবা তামিম, মাশরাফি কিংবা মুশফিক, মাহমুদউল্লাহ কিংবা সাব্বির সবারই একটি লক্ষ্য চ্যাম্পিয়ন। গত তিন আসরে দুই দলের হয়ে তিনটি শিরোপাই জিতেছেন মাশরাফি বিন মুর্তজা। এবারও একই পথে হাঁটবেন কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, চ্যাম্পিয়ন হওয়া না হওয়া এখনো অনেক দূরের বিষয়।
আপাততঃ প্রথম ম্যাচ নিয়েই সব ভাবনা তার।
একইরকম চিন্তা উদ্বোধনী ম্যাচে তার প্রতিপক্ষ রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন সামিরও। টি-টুয়েন্টি যেহেতু কম সময়ের খেলা তাই এটা ‘এনিবডি’স গেইম’ মানছেন এ ক্যারিবীয় অলরাউন্ডার।









