তথ্যপ্রযুক্তি

উন্নত ভিডিও কলিং সেবা দিতে গুগল ডুয়োর সঙ্গে ট্রু-কলার

উন্নত ভিডিও কলিং সেবা দিতে গুগল ডুয়োর সঙ্গে ট্রু-কলার

যুক্তরাষ্ট্রভিত্তিক সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের কলিং সেবাদানকারী অ্যাপ্লিকেশন গুগল ডুয়োর সঙ্গে মিলে ভিডিও কল করার সেবা চালু করেছে ডায়ালার বা কল করার জনপ্রিয় মোবাইল অ্যাপ্লিকেশন ট্রু-কলার।

গুগলের সঙ্গে অংশীদারিত্বের পাশাপাশি, ট্রু-কলার সম্পূর্ণ নতুন ইন্টারফেস বা নকশার অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছে। ফোনে কারো নাম সেভ করা না থাকলেও ট্রু-কলার বলে দেবে কে কল করেছে। এছাড়াও ব্যবহারকারীরা এখন সহজেই নতুন টেক্সট ফিচারের মাধ্যমে জানতে পারবেন কে বা কারা তাকে টেক্সট ম্যাসেজ করেছে। এছাড়া অপ্রয়োজনীয় ম্যাসেজগুলো, স্প্যাম ম্যাসেজ হিসেবে আলাদাভাবে তালিকা করে রাখার সুবিধাও যুক্ত করা হয়েছে নতুন এ ফিচারটিতে।

নতুন সুবিধার মধ্যে আরেকটি হচ্ছে ফ্ল্যাশ ম্যাসেজিং। যদি কেউ কোনো বিপদের সম্মুখীন হয় বা বাইরে কোথাও অবস্থান করছেন কিংবা বাড়ি ফিরছেন, এমন মুহুর্তগুলো কাউকে জানানোর জন্য পূর্বনির্ধারিত ম্যাসেজ হিসেবে সংরক্ষণ করে সেগুলো যে কোনো ট্রুকলার ব্যবহারকারীকে কম সময়ে পাঠানো যাবে।

ট্রু-কলারের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা এলান মামেদী বলেন, “শুরু থেকেই আমরা একটি পণ্য তৈরির জন্য নিরলসভাবে কাজ করে গিয়েছি, যা বিশ্বজুড়ে ব্যবহারকারীর যোগাযোগ ব্যবস্থাকে সহজ করবে এবং কল করার ও অনাকাক্সিক্ষত নম্বর থেকে কল বা ম্যাসেজ আসার ক্ষেত্রে করণীয় দিকগুলো জানতে সাহায্য করবে। গুগলের মত গুরুত্বপূর্ণ সহযোগীর সঙ্গে আমরা আমাদের যাত্রার পরবর্তী ধাপে যেতে অত্যন্ত উৎসাহী। মোবাইল যোগাযোগ ব্যবস্থা একই ছাদের নিচে আনা এবং প্রত্যেকটি সেবার জন্য আলাদা আলাদা অ্যাপ ডাউনলোড করার ঝামেলা এড়াতে ব্যবহারকারীদের সবচেয়ে নিরাপদ, কার্যকরী এবং সহজলভ্য অভিজ্ঞতা প্রদানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

গুগলের হেড অব ডুয়ো অমিত ফুলে বলেন, “ভিডিও কলিং সবার জন্যই কার্যকরী হওয়া উচিৎ, তা যে কোনো মাধ্যমেই হোক না কেন। ভিডিও কল সবার জন্য সহজ, দ্রুত এবং সহজলভ্য করাই আমাদের লক্ষ্য। ট্রুকলারের সঙ্গে একীভূত হওয়ার মাধ্যমে আমরা গ্রাহকদের উন্নত ভিডিও কলের অভিজ্ঞতা দিতে পারবো বলে আশা করছি।”

গুগল ডুয়োর সঙ্গে মিলে ট্রুকলার অ্যাপটি খুব তাড়াতাড়িই অ্যান্ড্রয়েড এবং অ্যাপলের আইওএসের অনুমতি সাপেক্ষ একটি সেবা হিসেবে পাওয়া যাবে, যা ব্যবহারকারীরা নিজের ইচ্ছামতো যে কোনো সময় চালু এবং বন্ধ করতে পারবেন।

ট্রু-কলার অ্যাপ ডাউনলোড করতে ভিজিট করতে পারেন: https://play.google.com/store/apps/details?id=com.truecaller&hl=en। এছাড়া ট্রুকলার অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে অ্যান্ড্রয়েড বা আইওএস-এর মত জনপ্রিয় অপারেটিং সিস্টেমে।

বিষয়:গুগল ডুয়ো
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…