ব্রেন টিউমারে আক্রান্ত মোশাররফ হোসেন রুবেল উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার দুপুরে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিউরো সার্জন এলভিন হংয়ের অধীনে আগামী ২-৩ দিনের মধ্যে এ ক্রিকেটারের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হবে।
দেশ ছাড়ার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে রুবেল বলেন , ‘ইনশাআল্লাহ্ দ্রুতই সুস্থ হয়ে যাবো। সার্জারির পর বায়োপসি রিপোর্টটা খুব গুরুত্বপূর্ণ। সবাই দোয়া করবেন যেন ক্যান্সার বা ওরকম কিছু না হয়। তাহলে হয়ত সুস্থতা পেতে আরও বিলম্ব হবে। ব্রেন থেকে ( টিউমার ) পুরোটা তো ফেলে দেওয়া যায় না। ব্রেনের অনেক সেল আছে আরও অনেক কিছু আছে। ওগুলো ক্ষতিগ্রস্ত হলে আবার শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ওরা সেই অনুযায়ীই চিকিৎসা করবে। যতটুকু থেকে যাবে ওটা রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিয়ে নির্মূল করবে।’
ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসা করাতে গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাশে পাচ্ছেন রুবেল। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞদের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজে কথা বলেছেন এ ক্রিকেটারের চিকিৎসার ব্যাপারে।
বয়স ৩৭ পেরিয়ে গেলেও ঘরোয়া ক্রিকেটে সরব উপস্থিতি রুবেলের। বাংলাদেশের জার্সিতে ৫টি ওয়ানডে খেলেছেন এ বাঁহাতি স্পিনার।
চলমান ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলার কথা ছিল রুবেলের। প্রথমশ্রেণির ক্রিকেটে ৪০০ উইকেট শিকারের খুব কাছে আছেন তিনি।
রুবেলের উন্নত চিকিৎসা বাবদ খরচ হবে প্রায় ৪০ লক্ষ টাকা। ইতোমধ্যে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটারসহ বিসিবির বিভিন্ন কর্মকর্তারা। দুঃসময়ে সতীর্থ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনেককে পাশে পেয়ে ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ক্রিকেটার।







