সিরিজের প্রথম দুই ম্যাচে ধুঁকেছে আফগানদের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ম্যাচের পর তৃতীয় ম্যাচেও আসল জুটিতে পরিবর্তন। তাতে বদলে গেল পরিস্থিতিও। বাংলাদেশের ছোট লক্ষ্যে পাওয়ার প্লেতেই আফগানিস্তান তুলে ফেলল পঞ্চাশের বেশি রান।
সাগরিকায় টাইগার ব্যাটারদের ব্যর্থতার দিনে ১৯৩ রানের লক্ষ্য পেয়েছে সফরকারী দলটি। হোয়াইটওয়াশ এড়ানো এবং দশ পয়েন্টের খোঁজে আফগান দুই ওপেনার পেয়েছেন দারুণ শুরু।
আগের ম্যাচে ওপেনিংয়ে নামা রহমত শাহের বদলি রহমানুল্লাহ গুরবাজ ইনিংসের গোড়াপত্তন করেন। তাকে যোগ্য সঙ্গ দেন সিরিজের দ্বিতীয় ম্যাচে সুযোগ পাওয়া রিয়াজ হোসেন। দুই ওপেনার টাইগার ফিল্ডারদের অনেকটা দর্শক বানিয়ে আদায় করে নিচ্ছেন চার-ছক্কা। ওভারপ্রতি রান উঠছে ছয়ের কাছাকাছি (৫.৭৫)।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১২ ওভার শেষে বিনা উইকেটে ৬৮ রান। ক্রিজে ৩৫ বলে ৩৪ রান করে আছেন গুরবাজ এবং ৩৩ রানে ব্যাট করছেন রিয়াজ হোসেন। জয়ের জন্য বাকি ৩৮ ওভারে ১২৫ রান প্রয়োজন আফগানদের।
আগে, সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুইশ রানও সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ। আফগান বোলারদের তোপে পড়ে ৪৬.৫ ওভারে গুটিয়ে যায় স্বাগতিক দল। সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করেছে তামিম ইকবালের দল।








