ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনী থর মরুভূমিতে পাকিস্তান সীমান্তের নিকটেই ‘শত্রুজিৎ’ নামের বিশাল সামরিক মহড়া শুরু করেছে। চরম পরিস্থিতিতে দ্রুত আঘাত হানার ক্ষেত্রে নিজেদের সক্ষমতা বিচারেই বিশাল ট্যাঙ্ক বাহিনী, রকেট লাঞ্চার ও ক্ষেপণাস্ত্র নিয়ে সেনাবাহিনী, লং রেঞ্জ আর্টিলারি বাহিনী, বায়ুসেনাদের এই মহড়া বলে জানা গেছে।
পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক অস্ত্রের আক্রমণের মোকাবেলা, বিধ্বংসী গোলাবর্ষণের ক্ষমতা যাচাই, আকাশ থেকে বোমা বর্ষণ বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং প্যারা-ড্রপিং এ বায়ুসেনাদের দক্ষতার প্রদর্শন চলছে মহড়াটিতে।
প্রযুক্তিগত দিক দিয়ে ভারতের থেকে অনেক পিছিয়ে থাকলেও বরাবরই পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দেয় পাকিস্তান। ভারতের বিরুদ্ধে পাকিস্তান ও চিনের জোট বাঁধার প্রয়াসের বিপরীতে তা মোকাবেলায় ভারতের পূর্ণাঙ্গ সামরিক প্রস্তুতির বার্তা দেয়াই এই মহড়ার উদ্দেশ্য বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।








