ক্রিকেটের সবচেয়ে বড় গৌরব আর বনেদি লড়াইয়ের অ্যাশেজ দ্বৈরথ শুরু হচ্ছে বৃহস্পতিবার। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের পাঁচ টেস্ট সিরিজের চিরন্তন লড়াই শুরু হবে ব্রিসবেনের গ্যাবায়। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬টায়।
দুই বছর আগে সর্বশেষ অ্যাশেজ যুদ্ধে ৩-২ ব্যবধানে জিতেছিল স্বাগতিক ইংল্যান্ড। তবে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছিল ইংলিশরা। বলা বাহুল্য, হারের ব্যবধান ০-৫! তাই এবার অ্যাওয়ে চ্যালেঞ্জ ইংল্যান্ডের।
শুরুতেই বড় পরীক্ষায় ইংলিশরা। প্রথম টেস্ট যে অস্ট্রেলিয়ার পয়মন্ত ভেন্যু ব্রিসবেনে। এ মাঠে ১৯৮৮ সালের পর আর কখনও হারেনি স্বাগতিকরা। গত ৩১ বছরের মধ্যে ব্রিসবেনে কোনও টেস্ট জিততে পারেনি ইংলিশরাও।
এমন উত্তাপ ছড়ানো সিরিজ নিয়ে প্রতিনিয়ত বিশ্লেষণ দিচ্ছেন সাবেক গ্রেটরা। দুই দলেরই ব্যাটিং দুর্বলতা দেখছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। তবে ফাস্ট বোলিংয়ে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন তিনি।
স্বাগতিকদের জন্য দুর্ভাবনা হয়ে দেখা দিয়েছে ইনজুরি। কয়েক বছর ধরেই পূর্ণশক্তির পেস অ্যাটাক নিয়ে মাঠে নামতে পারছে না অস্ট্রেলিয়া। দলটির প্রধান পেস ব্যাটারি সদ্য ইনজুরি থেকে উঠে আসা মিচেল স্টার্ক সেরা ফর্মে থাকতে পারবেন কিনা, সেটির ওপর নির্ভর করছে অনেক কিছুই। জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্সরা জো রুটদের কতখানি সমস্যায় ফেলতে পারেন, সেটাও গুরুত্বপূর্ণ।
তবে স্বাগতিক শিবিরে নতুন করে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছেন রানমেশিন ডেভিড ওয়ার্নার। মঙ্গলবার ফিল্ডিং অনুশীলন করার সময় ঘাড়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন ওয়ার্নার। আশার কথা ওয়ার্নারের ইনজুরিকে মামুলি বলে জানিয়েছেন দলটির ফিজিও ডেভিড বেকেলে।







