ভারতের উত্তর প্রদেশে নির্বাচনের তারিখ ঘোষিত হবে এই সপ্তাহেরই শেষ দিকে। আর এই নির্বাচনকে সামনে রেখে ১৪ বছর প্রদেশটিতে ক্ষমতার বাইরে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পেলো এক আশাতীত উপহার, যাকে দীর্ঘ বছর ক্ষমতা থেকে ‘নির্বাসনে’ থাকার ইঙ্গিত হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লক্ষ্ণৌতে এক প্রচারণায় গিয়ে বিশাল জনসমুদ্র দেখে অভিভুত মোদি বলেছেন “এতো বিপুল সমর্থক আমি কখনোই দেখিনি, এমনকি ২০১৪ সালের সাধারণ নির্বাচনের সময়ও নয়”। সাগরের মতো জনগনের সামনে এমনটিই বলেন বিজেপি প্রধান।
দিন বদলের ডাক দেওয়া এই ‘পরিবর্তন মহা র্যালি’তে তিনি বলেন, “সকালে যখন আমাকে জনসমাগমের ছবি দেখানো হয়েছিলো, তখন এতো মানুষ দেখে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি কি দেরি করে ফেলেছি?”
উত্তর প্রদেশে অনুন্নয়নের প্রতি ইঙ্গিত করে এসময় বিজেপিকে একটি সুযোগ দেওয়ার আহ্বান জানান মোদি। আর সমাবেশ দেখে রাজ্যে কে জয়ী হবেন তা নিয়ে কোন সংশয়ও নেই বলে ঘোষণা দেন তিনি।

২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী মোদি আবারও ক্ষমতায় আসছেন কিনা তা অনেকটাই নির্ভর করছে এই নির্বাচনের উপর। তাছাড়া নোট নিষিদ্ধের মতো চরম সিদ্ধান্তের পর ভোটের একটা প্রভাব থাকবে এই নির্বাচনে।








