আওয়ামী লীগ সরকার ভোট চায় না, নির্বাচন চায় না কিন্তু ক্ষমতা চায় অভিযোগ করে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, নির্বাচন চায় না বলেই জঙ্গিবাদ, উগ্রবাদকে পৃষ্ঠপোষকতা করে টিকে থাকতে চায় সরকার।
রোববার পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে রিজভী আহমেদ বলেন, দেশবিরোধী গোপন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জঙ্গিবাদকে হাতিয়ার হিসেবে নিয়েছে ক্ষমতাসীনরা।
তিনি বলেন, ‘মুখে জঙ্গিবাদ নির্মূলের কথা বললেও কার্যত সরকার আন্তরিক নয়। জঙ্গিবাদ নির্মূলের ঘোষণার পর জঙ্গিদের নেটওয়ার্ক আরো বিস্তৃত হচ্ছে। জাতীয় ঐক্যের ভিত্তিতে এই উগ্রবাদকে দমন করতে হবে। কিন্তু সরকার তা না করে জঙ্গি আক্রমণের সঙ্গে সঙ্গে নির্দিষ্ট দলের ওপর দোষ চাপিয়ে দিচ্ছে। এটি প্রমাণ করে সরকার জঙ্গি দমন না করে বরং জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করছে।’
রিজভী নির্বাহী বিভাগ কর্তৃক বিচার বিভাগের হস্তক্ষেপ জনগণের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট করে দিচ্ছে উল্লেখ করে বলেন, ‘স্বয়ং প্রধান বিচারপতি এটি বলছেন “একটি মহল বিচার বিভাগের সঙ্গে প্রশাসন বা নির্বাহী বিভাগের দূরত্ব তৈরী করে দিচ্ছে”।’
প্রধান বিচারপতির কথা টেনে তিনি বলেন, ‘প্রধান বিচারপতি রাজনীতি করেন না। তিনি রাষ্ট্রের একটি অঙ্গের প্রধান। তাই তার কথার যথেষ্ট যৌক্তিকতা আছে। আমরা মনে করি, সরকারের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিচ্ছে।’
বিভ্রান্তিকর ভুল তথ্য থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী গণতন্ত্রের পথে হাঁটতে পারলে দেশকে এতোটা সীমাহীন দুর্দশার মধ্যে পড়তে হতো না বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।










