নতুন করে উইন্ডোজ ১০ ফোন নিয়ে আর কোনো কাজ করবে না মাইক্রোসফট। এর ফলে বর্তমানে উইন্ডোজ ১০ ফোন ব্যবহার করছেন এমন ব্যবহারকারীরা আর কোনো নতুন ফিচার বা নতুন কোনো ডিভাইস পাবেন না। তবে বিভিন্ন বাগ ফিক্স কিংবা সিকিউরিটি আপডেট পাবেন ব্যবহারকারীরা।
বেশ কিছু টুইটে এসব তথ্য জানিয়েছেন মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ডিভিশনের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট জো বেলফিওর। প্রথম টুইটে তিনি বলেন, ‘প্ল্যাটফর্মটির জন্য আমাদের সাপোর্ট অবশ্যই অব্যাহত থাকবে। বাগ ফিক্স, সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। তবে নতুন ফিচার কিংবা হার্ডওয়্যার নিয়ে পরিকল্পনা নেই।’
এক বছরের বেশি সময় ধরে একেবারেই নিষ্ক্রিয় অবস্থায় আছে উইন্ডোজ ফোন প্ল্যাটফর্ম। তবে এ ধরনের পরিকল্পনার কথা এর আগে জানায়নি প্রতিষ্ঠানটি। গত বছর ফোন ব্যবসা থেকে সরে আসায় বিপুল সংখ্যক কর্মীও ছাঁটাই করতে হয়েছিল।







