আসন্ন ঈদুল আযহা উপলক্ষে প্রথমবারের মতো টিভি ফিকশন নির্মাণ করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা আশরাফ শিশির। যার নাম ‘হৃদয়ের চিলেকোঠায়’।
আশরাফ শিশিরের চিত্রনাট্য ও পরিচালনায় থ্রিলারধর্মী এই ফিকশনে উঠে এসেছে বর্তমান সময়ের অস্থিরতা, মহামারীর মত ছড়িয়ে যাওয়া সন্দেহ-গুজব, যান্ত্রিক নগরে কর্পোরেট কালচার আর অব্যক্ত প্রেমের গল্প।
পরিচালক আশরাফ শিশির বলেন, এটা একটা টেস্ট কেস বলা যেতে পারে। কিছু কিছু গল্প থাকে, যা আসলে বড় ক্যানভাসের চলচ্চিত্রের জন্য নয়। ছোট আঙ্গিকে সেইসব গল্প বলা যেতে পারে। আর তা নিয়ে দর্শকের কাছে পৌঁছে যাওয়া যেতে পারে টেলিভিশন বা অনলাইনের মাধ্যমে। এটি তেমনি একটি গল্প।
এতে অভিনয় করেছেন আয়শা মুক্তি, শাহজাহান সম্রাট, কাজী রাজু, আব্দুর রহমান রাজীব, এসএম সজীব, শাফিয়ার রহমান, মানতাহা, জিয়া সহ আরো অনেকে। সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ এবং চিত্রগ্রহণ করেছেন সমর ঢালী ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ।







