পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, আগামী ২ সেপ্টেম্বর রোববার ঈদুল আজহা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে বুধবার ১৪৩৮ হিজরি সনের পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল ২৪ আগস্ট বৃহস্পতিবার থেকে পবিত্র জিলহজ্জ মাস গণনা করা হবে।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে ২৩ আগস্ট থেকে হিজরি জিলহজ মাস শুরু হওয়ায় আগামী ৩১ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। ৩০ আগস্ট থেকে হজের কার্যক্রম শুরু হয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত হজের যাবতীয় কার্যক্রম চলবে। সেখানে ১ সেপ্টেম্বর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হাফিজুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. শাখাওয়াত হোসেন, ওয়াকফ প্রশাসক (ভারপ্রাপ্ত) দেওয়ান মো. আবদুস সামাদ, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোঃ ছাইফুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বী, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহ্মাদ, ধর্মসচিবের একান্ত সচিব মো. গোলাম মওলা, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।








