ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শিমন পেরেজ আর নেই। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ছিলেন ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের একজন। দুই সপ্তাহ আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার হঠাৎ করেই তার অবস্থার অবনতি ঘটে। এরপর বুধবার ভোরে মারা যান।
১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার সময় যেসব রাজনীতিবিদ সক্রিয় ছিলেন, পেরেজ তাদের অন্যতম। তিনি দুবার করে দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
ফিলিস্তিনিদের সাথে শান্তি আলোচনার জন্য ১৯৯৪ সালে আইজ্যাক রবিন ও ইয়াসির আরাফাতের সঙ্গে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
তিনি একবার বলেছিলেন, ফিলিস্তিনিরা হলো ইসরাইলের ‘ঘনিষ্ঠতম প্রতিবেশী’ এবং তারা হতে পারে ‘ঘনিষ্ঠতম বন্ধু।’
পেরেজের মৃত্যুতে রাষ্ট্রীয় ও ব্যক্তিগতভাবে গভীর শোক প্রকাশ করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও।







