প্রথম ইনিংসে দেড়শর পরপরই গুটিয়ে যাওয়া ভারতকে টপকে লিড নিয়ে ফেলেছে নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টে ৫ উইকেট হাতে রেখে ৫১ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে উইলিয়ামসনের দল।
বেসিন রিজার্ভে লিডে নেতৃত্ব দিয়েছেন কেন উইলিয়ামসনই, সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস তার। প্রথম ইনিংসে ৫ উইকেটে ২১৬ রান তুলে রাত্রিকালীন বিরতিতে গেছে নিউজিল্যান্ড। ভারত প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৬৫ রানে।
শনিবার ৫ উইকেটে ১২২ রানে দিন শুরু করেছিল ভারত। যোগ করতে পেরেছে আর ৪৩ রান। ৩৮ রানে ক্রিজে আসা রাহানে ৪৬ করে ফিরেছেন। আরেক অপরাজিত পান্ট নেমে ১৯ রানের বেশি দিতে পারেননি। শেষদিকে মোহাম্মদ শামির ২১ রানে দেড়শ পেরিয়ে যায় সফরকারীরা।
অভিষিক্ত ডানহাতি পেসার কাইল জেমিসন ৩৯ রানে ৪ উইকেট নিয়ে সেরা। ৪ উইকেট নিয়েছেন অভিজ্ঞ টিম সাউদিও, ৪৯ রানে। একটি রান আউটের সঙ্গে একটি উইকেট গেছে আরেক অভিজ্ঞ ট্রেন্ট বোল্টের ঝুলিতে।
জবাব দিতে নেমে টম ল্যাথামকে (১১) শুরুতেই ইশান্ত শর্মা ফিরিয়ে দিলেও টম ব্ল্যান্ডেল ও উইলিয়ামসনের ৪৭ রানের জুটির প্রতিরোধে পড়ে সফরকারীরা। ৩০ করা ব্ল্যান্ডেলকে বোল্ড করে আবারও ত্রাতা হন ইশান্ত।
রস টেলরকে নিয়ে সেখান থেকে ৯৩ রানের জুটি গড়ে কোহলির কপালের ভাঁজ বাড়ান উইলিয়ামসন। ৪৪ করা টেলরকে সাজঘরে পাঠিয়ে অধিনায়ককে খানিকটা স্বস্তি এনে দেন সেই ইশান্তই।
দিনভর একার লড়াইয়ে শেষবেলায় ইশান্ত সঙ্গী পান শামি ও অশ্বিনকে। সেঞ্চুরির হাতছানি থেকে ১১ রান দূরে উইলিয়ামসনকে ফেরান শামি। ১১ চারে ১৫৩ বলের ধৈর্যে ৮৯ করে সাজঘরে হাঁটা দেন কিউই অধিনায়ক।
কিছুপরই ১৪ রানে হেনরি নিকোলসকে (১৭) ফিরিয়ে অশ্বিন কোহলিকে দেন আরেকটু স্বস্তি। বিজে ওয়েটলিং ১৪ ও কলিন ডি গ্র্যান্ডহোম ৪ রানে তৃতীয় দিনে লিড বাড়াতে নামবেন।








