নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে যুক্তরাজ্যে যেতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সেই সঙ্গে বিদেশ যাওয়ার ক্ষেত্রে তাকে বাধা দেওয়া কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাই কোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
আদালতে তাহসিনা রুশদীর লুনার পক্ষে ছিলেন আইনজীবী সগির হোসেন লিয়ন। তিনি বলেন, আজকের আদেশের ফলে তাহসিনা রুশদীর লুনার বিদেশ যেতে বাধা কাটলো।
যুক্তরাজ্যে যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘বাধা’ পাওয়ার পর রোববার হাই কোর্টে রিট করেন লুনা।
তার আইনজীবী সগির হোসেন লিয়ন এ বিষয়ে বলেন, `বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাকে গতকাল রোববার সকাল ১০টায় লন্ডন যাত্রাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ। এর বিরুদ্ধে রিট আবেদন করা হয়।’
ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার বড় ছেলে লন্ডনের কিংসটন ইউনিভার্সিটি থেকে সম্প্রতি স্নাতক সম্পন্ন করেছেন। ছেলের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য লন্ডন যাচ্ছিলেন তিনি। কিন্তু বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়।










