২০১৭ এএফসি অনূর্ধ্ব-১৬ নারীদের বাছাই ফুটবলের প্রথম ম্যাচে ইরানকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে পুরোটা ম্যাচেই একক আধিপত্য বজায় রেখেছিলো কৃষ্ণা-মার্জিয়ারা।
প্রথমার্ধে বেশ কয়েকটি গোল মিস করলেও দ্বিতীয়ার্ধে তিনটি গোল দেন মার্জিয়া, মৌসুমি ও তহুরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় সি’গ্রুপে ইরানের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৬’র গত আসরে ইরানের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও এবার দুর্দান্তভাবে তার প্রতিশোধ নিলো বাংলাদেশ।
কোচ গোলাম রব্বানীর দলের বেশীর ভাগ খেলোয়ারদের অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতার অভিজ্ঞতা।
৬ দেশের অংশ-গ্রহণে হওয়া এই বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়নই খেলবে পরের রাউন্ডে। বাংলাদেশ দলের দ্বিতীয় ম্যাচ আগামী পরশু সিঙ্গাপুরের সঙ্গে।








