ইরাকের রাজধানী বাগদাদ ও ফালুজায় জোড়া বোমা হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। জঙ্গিগোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করেছে।
ইরাকের রাজধানীতে রোববারের বোমা হামলা বাগদাদে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় সহিংসতার ঘটনা। হামলার স্থানটি বাগদাদের উত্তরের শিয়া অধ্যুষিত অঞ্চল সাদার সিটির ব্যস্ততম বাজার এলাকা। এক আত্মঘাতী হামলাকারী মোটরসাইকেলে এসে বোমার বিস্ফোরণ ঘটায়।
এলাকাটির নিরাপত্তা ব্যবস্থা কড়া হলেও, তা এমন হামলা ঠেকানোর জন্য পর্যাপ্ত ছিলো না বলে স্বীকার করেছে কর্তৃপক্ষ।
বাগদাদের হামলার কয়েক ঘণ্টা আগেই আবু গারিব এলাকায় ইরাকি পুলিশের ওপর হামলা চালানো হয়। সে সময় বেশ কয়েকজন পুলিশ সদস্যকে অপহরণ করে আইএস। কাছের একটি গ্রামেও হামলা চালায় তারা।
রোববারের দ্বিতীয় বোমা হামলাটি হয় আনবার প্রদেশের ফালুজা নগরীতে। এতে কমপক্ষে ১৮ পুলিশ সদস্য নিহত হয়। এমন এক সময়ে আইএস এই হামলা চালালো যখন আবুগারিব ও ফালুজায় ইরাকের সেনাবাহিনী আইএসবিরোধী অভিযান চালাচ্ছে।






