ইমরুল কায়েসের দুরন্ত সেঞ্চুরিতে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে ৩১০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বিসিবি একাদশ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে বিসিবি একাদশ নয় উইকেটে ৩০৯ রান সংগ্রহ করে।
শুরু থেকেই বিধ্বংসী ছিল ইমরুল। ইংল্যান্ডের ওকস, স্টোকস, আদিল রাশীদসহ অন্যান্য বোলারদের পাড়ার বোলার বানিয়ে তুলোধুনো করেন। ৪৯ বলে ছয়টি চার ও একটি ছয়ে ফিফটি তুলে নেন ইমরুল। পরের পঞ্চাশ রান তুলতে ইমরুল খেলেন মাত্র ৩২ বল।
৮১ বলে ৯ চার ও ৪ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ব্যক্তিগত ১২১ রান করে ডেভি উইলির বলে বোল্ড হয়েছেন ইমরুল। ৯১ বল মোকাবেলায় ১১ চার ও ৬ ছক্কায় এ ইনিংসটি উপহার দেন তিনি।
ইমরুল আর মুশফিক তৃতীয় উইকেট জুটিতে ৭১ রান যোগ করেন। ইমরুলের আউটের পর মুশফিক জুটি বাঁধেন অলরাউন্ডার নাসিরকে নিয়ে।তাদের জুটির ৭৯ রান দলকে বড় সংগ্রহের দিকে পৌছে দেয়।
মুশফিক ৫১ রানে আউটের পর নাসির ৪৬ রান করে আউট হন। তবে শেষদিকে টেল এন্ডারদের ব্যর্থতার কারণে আরও বড় স্কোর গড়তে ব্যর্থ হয় বিসিবি একাদশ।
উদ্বোধনী জুটিতে ৩৫ রান আসে ইমরুল আর সৌমের ব্যাট থেকে। আফগান সিরিজের মতো ইংল্যান্ডের প্রস্ততি ম্যাচে নিজেকে মেলে ধরতে পারলেন না সৌম্য সরকার।ওকসের বলে বাটলারের কাছে তালুবন্দী হওয়ার আগে মাত্র ৭ রান করেন সৌম্য।
দ্বিতীয় উইকেট জুটিতে ইমরুল ও শান্ত ইংলিশ বোলারদের বেধড়ক পিটিয়ে ৮৫ রান যোগ করেন। শান্ত ৪৬ বলে চারটি চারে ৩৬ রান করে রাশীদকে ছক্কা মারতে গিয়ে স্ট্যাম্পিং হন।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে ক্রিস ওকস তিনটি উইকেট নেন। এছাড়া ডেভিড উইলি ও বেন স্টোকস দু’টি করে উইকেট নেন।








