ইন্দোনেশিয়ার উপকূলীয় শহর পালুতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ও এরপর আঘাত হানা ভয়াবহ সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৪৮ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির সুলাওয়েসি দ্বীপের এই শহরে শুক্রবার ভূমিকম্পের পর সুনামি আঘাত হানে। সুনামির ঢেউয়ের উচ্চতা ২ মিটার (৬.৬ ফুট) পর্যন্ত ছিল বলে জানিয়েছে বিবিসি।
শুক্রবারের ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তুপে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সুলাওয়েসির মধ্যাঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সেখানে দেখা যায়, লোকজন আতঙ্কে ছুটোছুটি করছে, এরই মাঝে ভেঙে পড়ছে আশপাশের স্থাপনা। ভূমিকম্পের কিছুক্ষণের মধ্যেই সুনামি ক্ষয়ক্ষতি বাড়িয়েছে আরও বেশি।
তবে ভূমিকম্প না সুনামির কারণে এত প্রাণহানি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত ৫ আগস্ট লম্বকে বেশ কয়েকবার ভূমিকম্পের আঘাতে ৪৬০ জনের বেশি মানুষ প্রাণ হারায়।








