কোন বল না খেলেই সেমিতে বাংলাদেশ, জানা গেল প্রতিপক্ষ কে
এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট

এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচ না খেলেই, কোন ফলাফল না করেই। মঙ্গলবার সকালে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল হওয়ার কথা ছিল, টানা ভারি বৃষ্টির কারণে টসের আগে ম্যাচ বাতিল হয়েছে।
সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। জাপানের নিসিনের কোরোগি স্পোর্টস পার্ক এলাকায় বেশ কিছুদিন ধরে বৃষ্টির কারণে গেমসের প্রতিটি সেমিফাইনালই বাতিল হয়েছে। ফলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিতে সরাসরি পৌঁছে গেছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভারত।
নিসিনে টসের ৯০ মিনিট আগে ম্যাচ বাতিল করা হয়েছে। এরআগে ভোরে শ্রীলঙ্কা এবং নেপালের মধ্যকার ম্যাচ বাতিল হয়েছে বৃষ্টির কারণে। সোমবার ভারত-আফগানিস্তান এবং পাকিস্তান-হংকং ম্যাচও বাতিল হয়েছে।
ফাইনালে ওঠার লড়াইয়ে টিম টাইগার্সের প্রতিপক্ষ পাকিস্তান। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় মুখোমুখি হবে দুদল। একইদিনে সকাল ১১টায় দ্বিতীয় সেমিতে খেলবে ভারত-শ্রীলঙ্কা। দুদিক থেকে জয়ী দল শনিবার সকাল ১১টায় স্বর্ণপদকের জন্য লড়বে, সেদিন ভোর ৬টায় সেমিতে হেরে যাওয়া দুদল ব্রোঞ্জ পদকের জন্য খেলবে।






