প্রথম ও দ্বিতীয় সেঞ্চুরির মাঝে আট বছরের ব্যবধান। তৃতীয়টি এসে গেল এক টেস্ট পরই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করে আট বছরের খরা কাটান মাহমুদউল্লাহ রিয়াদ। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারসেরা ১৩৬ রানের ইনিংস খেলেছেন।
পরিসংখ্যানই সাক্ষ্য দিচ্ছে টেস্টেও বদলে গেছেন মাহমুদউল্লাহ। ওয়ানডে, টি-টুয়েন্টি সংস্করণে বদল দেখা গেছে অনেক আগেই। লাল বলেও এ ডানহাতি ব্যাটসম্যানের ব্যাটিং রূপান্তর চোখে পড়ার মতই। সেটির পেছনে নাকি কাজ করেছে শুধুই মানসিকতা বদল।
‘পরিবর্তন বলতে আমি মানসিকভাবে নিজেকে বদলেছি। চিন্তা করেছিলাম, যেভাবে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলি সেভাবেই ইতিবাচক থাকব। কারণ আমার ব্যাটিংয়ের সাথে ওই মুডটাই (আক্রমণাত্মক) বেশি মানায়।’
‘চাচ্ছিলাম শুরু থেকেই ইতিবাচক থাকবো। যদি মারার বল প্রথম বলেই পাই, সুযোগটা নেব। আমার মানসিকতা ওরকই ছিল। তবে এই ইনিংসটা খেলার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে।’







