নির্ধারণ হয়ে গেল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের সেমিফাইনালের প্রতিপক্ষ। প্রথমবার বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল সেমিতে উঠেছে। যেখানে রয়েছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা।
র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স, দুইয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তিনে স্পেন এবং চারে আছে ইংল্যান্ড। তাদেরকে ড্রয়ের আলাদা আলাদা কোয়াড্রেন্টে রাখা হয়েছিল, যাতে সেমিফাইনালের আগে তাদের মধ্যে দেখা না হয়। যদিও এজন্য তাদের প্রত্যেককে নিজ নিজ গ্রুপে জিততে হতো, যা তারা করেছিল।
ড্র নিয়মের কারণে স্পেনের ফাইনালের আগে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই, অবশ্য যদি তারা শিরোপামঞ্চে যেতে পারে। ইংল্যান্ড এবং ফ্রান্সকে নকআউট পর্বের বিপরীত দিকে রাখা হয়েছিল। ফিফা এ পদক্ষেপটিতে সেমিফাইনালে পৌঁছানোর দুটি পৃথক পথ স্থাপন করে। প্রতিযোগিতামূলক ভারসাম্য নিশ্চিত করার উপায় হিসেবে বর্ণনা করে পদক্ষেপটি নেয়া হয়।
ফিফার এই পদ্ধতি উইম্বলডন এবং চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটেও অনুসরণ করা হয়। ফলে শীর্ষ বাছাই দলগুলোকে জোড়ায় জোড়ায় আলাদা রাখা যায়।
ফিফা র্যাঙ্কিং ১৯৯৪ সালে চালু করা হলেও, সেবছরের টুর্নামেন্টে এটি ব্যবহার করা হয়নি। ২০২২ সালে বেলজিয়াম, ২০১৮ সালে জার্মানি, ২০১৪ সালে স্পেন, ২০১০তে ইতালি এবং ২০০২ সালে ফ্রান্স শীর্ষ চারে থেকেও গ্রুপপর্ব পার হতে পারেনি। ১৯৯৮ সালের পর থেকে অনুষ্ঠিত বিশ্বকাপগুলোতেও শীর্ষ র্যাঙ্কিংয়ের চার দল একত্রে সেমিফাইনালে উঠতে পারেনি।







