স্পেন তো ছিলই, মেসি চাইলে ইতালির জাতীয় দলেও খেলতে পারতেন।
গোলডটকম তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মেসির এক পূর্বপুরুষ ইতালির বাসিন্দা ছিলেন। ১৮৮৩ সালে তিনি আর্জেন্টিনার রোজারিওতে চলে যান।
ইতালি কখনো মেসিকে নিজেদের দলে খেলাতে চায়নি। কিন্তু স্পেন মেসিকে পেতে শুরুতে অনেক চেষ্টা করেছিল।
আর্জেন্টিনা ছেড়ে স্পেনের বার্সেলোনা ক্লাবে সেই ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন মেসি। দেশটির নাগরিকত্বও পেয়েছেন।
২০০৪ সালে মেসি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হায়ে মাঠে নামেন। প্যারাগুয়ে এবং উরুগুয়ের বিপক্ষে দুই ম্যাচে তিন গোল করেন। পরের ১৬ ম্যাচে ১১টি গোল করেন। এরপর অনূর্ধ্ব-২৩ দলে ডাক পান। সেই সময় স্পেন থেকে মেসিকে তাদের দলে খেলতে বলা হয়।
‘ছেলেবেলা থেকেই আমি আর্জেন্টিনায় খেলতে চেয়েছি,’ নিজের বই ‘মেসি দ্য প্যাট্রিয়টে’ লিখেছেন কিংবদন্তি ফুটবলার, ‘আমাকে স্পেন থেকেও বলা হয়েছিল, তাদের হয়ে খেলবো কি না। কিন্তু আমি সব সময় আর্জেন্টিনার জার্সি পরে মাঠে নামতে চেয়েছি।’







