রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। মার্কা জানাচ্ছে, সিআরসেভেন ইতালির তুরিনে বাড়ি খোঁজা শুরু করে দিয়েছেন!
রোনালদোর ‘রিলিজ ক্লজ’ ১০০০ মিলিয়ন ইউরো থেকে কমিয়ে ১২০ মিলিয়ন ইউরো করার পরই জুভেন্টাস রোনালদোকে পেতে উঠেপড়ে লাগে।
কয়েকদিন আগে খবর আসে, রোনালদোর জন্য জুভেন্টাসকে দিতে হবে ১০০ মিলিয়ন ইউরো বা ১১৬ মিলিয়ন ইউএস ডলার। ২০২২ সাল পর্যন্ত চুক্তি হবে। তাতে রোনালদোর জন্য বার্ষিক বেতন থাকবে ৩০ মিলিয়ন ইউরো!
মার্কা তাদের আরেক খবরে জানিয়েছে, রোনালদোর এজেন্ট এবং রিয়াল সভাপতি রিয়ালে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন। সেখান থেকেই আসতে পারে চূড়ান্ত ঘোষণা।
জুভেন্টাসের মালিকানা আছে ইতালির প্রভাবশালী আগ্নেল্লি পরিবারের। দলকে তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ এনে দিতে রোনালদোর কোনো বিকল্প দেখছে না পরিবারটি। এরিমধ্যে ‘এজেন্টদের টমক্রুজ’ হোর্হে মেন্ডেজের সঙ্গে যোগাযোগ শুরু করেছে তারা।
১৯৯৬ সালে শেষবার চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ পাওয়া ইতালিয়ান চ্যাম্পিয়নরা নতুন মৌসুমকে সামনে রেখে দল গোছানো শুরু করেছে। হোর্হে মেন্ডেজের মাধ্যমে দলে টানা হয়েছে ভ্যালেন্সিয়ায় খেলা পর্তুগিজ ডিফেন্ডার হোয়াও কেনসিলোকে। এসবই নাকি রোনালদোর মন পাবার জন্য।







