কথাসাহিত্যিক ও সাংবাদিক ইজাজ আহমেদ মিলনের লেখা প্রার্থনা ধাঁচের একটি গানে কণ্ঠ দিয়েছেন খ্যাতিমান কণ্ঠশিল্পী মনির খান।
‘আমি দাঁড়াই যদি যায় সরে যায়/পায়ের তলার মাটি/ আমি লোভ কাতর এক ভবের পাগল/ চোখের জল তো খাঁটি’ এমন অসাধারণ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ।
দিনের পর দিন ভুল করে স্রষ্ঠার কাছে অনুশোচনা প্রকাশ করা হয়েছে গানের প্রতিটি শব্দ ও বাক্যে। গানটিকে প্রার্থনা সংগীত বললেও ভুল হবে না।
গান প্রসঙ্গে গীতিকার ইজাজ আহমেদ মিলন বলেন, গানের কথা ও সুর মিলেমিশে একাকার হয়ে গেছে। তিন অন্তরার এ গানটি আমি বুকের গভীর থেকে লিখেছি। আমি একজন মানুষ, যে ভুল করে। পাপবাজারে কোনো ভাবেই নিজেকে বিশুদ্ধ রাখা যায় না। যাপিত জীবনের সমস্ত পাপপুণ্যের হিসাব দিতে হবে সৃষ্টিকর্তার কাছে। তাই গানে গানে প্রভুর কাছে ক্ষমা চেয়েছি।
গানটির সুরকার ও সংগীত পরিচালক রোহান রাজ বলেন, গানটা একটা ভিন্ন ধারার আবহ তৈরি করবে শ্রোতার হৃদয়ে। নিয়ে যাবে ধ্যানের জগতে, অনুশোচনার মজমায়। অসাধারণ একটি গান লিখেছেন ইজাজ মিলন।
শিল্পী মনির খান বলেন, ভিন্ন ধাঁচের একটি গান করলাম। অসাধারণ গানের কথা। বহুদিন পর পরম তৃপ্তি নিয়ে গান গাইলাম। ইজাজ মিলন গানের মাধ্যমে দারুণ একটি ম্যাসেজ দিয়েছেন। শুক্রবার রাতে মগবাজারের প্রমিজ স্টুডিওতে গানটি রেকর্ডিং হয়েছে।








