ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছাড়ার পর থেকেই গোলমুখে ভুগছে রিয়াল মাদ্রিদ। বড় অঙ্কের অর্থ খরচ করে এডেন হ্যাজার্ডকে দলে টানলেও অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। আক্রমণভাগে গতি আনতে তাই নতুন করে ভাবছে রিয়াল। চাহিদার শীর্ষে কাইলিয়ান এমবাপে থাকলেও পিএসজির আরেক তারকা স্ট্রাইকার মাউরো ইকার্দিও আছেন লস ব্লাঙ্কোসদের ভাবনায়।
এ মৌসুমেই ইন্টার মিলান থেকে ধারে পিএসজিতে যোগ দিয়েছেন ইকার্দি। প্যারিসে পা রাখার পর থেকে রীতিমতো উড়ছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। চলতি মৌসুমে প্যারিস সাঁ সাঁ’র হয়ে ১৮ ম্যাচ খেলে করেছেন ১৪ গোল। লিগ ওয়ানে আট ম্যাচে ৯ গোলের সঙ্গে দুটি অ্যাসিস্টও আছে তার। চ্যাম্পিয়ন্স লিগের ৬ ম্যাচে করেছেন ৫ গোল। এমন পারফরম্যান্স মনে ধরেছে রিয়ালের।
এফসিইন্টারনিউজ জানিয়েছে, ইকার্দিকে নিয়ে পিএসজি এবং ইন্টার মিলানের মধ্যকার চুক্তি পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছে রিয়াল মাদ্রিদ।
পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো অবশ্য যতদ্রুত সম্ভব ইকার্দির সঙ্গে লোনের চুক্তিটা স্থায়ী করার তাগিদ দিয়েছেন। এফসিইন্টারনিউজ বলছে, এ ব্যাপারে ইন্টার-পিএসজি উভয়পক্ষই সম্মত হয়েছে। যেখানে পাকাপাকি চুক্তির জন্য অর্থের পরিমাণ ধার্য করা হয়েছে ৬৫ মিলিয়ন ইউরো। যদিও স্থায়ী চুক্তির জন্য ইকার্দির সম্মতি প্রয়োজন এবং রিয়ালের দিক থেকে এই আগ্রহ চুক্তির ক্ষেত্রে জটিলতার কারণ হতে পারে।
জানুয়ারিতেই পিএসজি ছাড়তে পারেন এডিনসন কাভানি। সেটা হলে উরুগুয়ে তারকার জায়গাটা পুরোপুরি ইকার্দিকে দিতে চায় পিএসজির টিম ম্যানেজমেন্ট। লিওনার্দো এরইমধ্যে ইকার্দিকে পাঁচ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছেন। তবে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ বিষয়টিকে জটিল করে তুলতে পারেন।
ইকার্দির সঙ্গে রিয়াল তাদের সাম্প্রতিক টার্গেটে রেখেছে আন্দ্রে-ফ্র্যাঙ্ক জাম্বো আনগুইসাকে। ডন ব্যালন জানাচ্ছে, ক্যামেরুনের উঠতি তারকাকে মাঝমাঠে জায়গা দিতে চান জিনেদিন জিদান। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম থেকে লোনে যোগ দিয়ে ভিয়ারিয়ালে ভালোই আলো ছড়াচ্ছেন তিনি।
রিয়াল যখন নতুন নতুন তারকার দিকে নজর দিচ্ছে, তখন ক্লাব ছাড়তে আরেকবার চীনের দিকে ঝুঁকছেন গ্যারেথ বেল। টক-স্পোর্ট বলছে, বড় অঙ্কের বেতনের কারণেই চায়না সুপার লিগে যেতে পারেন তিনি। চলতি বছরের শুরুতে রিয়াল মাদ্রিদ প্রায় ছেড়েই দিয়েছিলেন বেল। শেষমুহুর্তে তার চীন যাত্রা ভেস্তে যায়।







