গোল্ডেন বয়ের খেতাব জিতেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড হোয়াও ফেলিক্স। বরুশিয়া ডর্টমুন্ডের জাডেন সাঞ্চো ও বেয়ার লেভারকুসেনের কাই হাভের্টজকে বহু ভোটে পেছনে ফেলে এটি জিতেছেন পর্তুগালের ‘নতুন রোনালদো’।
গত মৌসুমে বেনফিকার হয়ে চমক দেখিয়েছেন ফেলিক্স। মৌসুমে ক্লাবটির হয়ে করেছেন ১৫ গোল, করিয়েছেন ৭টি। খেলার সঙ্গে পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়া থাকায় ভক্তরা তার নাম দিয়েছে ‘নতুন রোনালদো’।
চলতি মৌসুমের শুরুতে ১১৩ মিলিয়ন পাউন্ডে বেনফিকা থেকে ২০ বছর বয়সী ফরোয়ার্ডকে দলে টানে অ্যাটলেটিকো। স্প্যানিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১৩ ম্যাচে করেছেন ৩ গোল।
খেতাব জিতে লিওনেল মেসি, পল পগবা, কাইলিয়ান এমবাপের তালিকায় উঠে এলেন ফেলিক্স। গত মৌসুমে এ খেতাব জিতেছেন জুভেন্টাসের তরুণ ডিফেন্ডার মাথিয়াস ডি লিট।
ভোটে দ্বিতীয় হয়েছেন জাডেন সাঞ্চো, তৃতীয় হয়েছেন হাভের্টজ। রেড বুল সর্লজবুর্গের চমক জাগানো ফরোয়ার্ড আর্লিং হাল্যান্ড হয়েছেন চতুর্থ। পঞ্চম হয়েছেন গতবারের খেতাবধারী ডি লিট। ষষ্ঠ স্থানে আছেন বার্সেলোনার নতুন সেনসেশন আনসু ফাতি।







