ডিজিটাল সেবা নয়, উবারকে পরিবহন কোম্পানি বলে রায় দিয়েছেন ইউরোপের কোর্ট অব জাস্টিস।
যুক্তি-তর্কে উবারের দাবি ছিলো: কোনো ট্যাক্সি ক্যাব ফার্ম নয়, বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে ইলেক্ট্রনিক সেবাদানকারী হিসেবেই কাজ করছে প্রতিষ্ঠানটি। ইউরোপে চলাচলের নিয়ম-নীতির সাথে আদালতের দেয়া রায়ের খুব অল্প পার্থক্য রয়েছে বলেও দাবি তাদের।
উবারের এক মুখপাত্র জানিয়েছেন, ইউরোপের বেশিরভাগ দেশে পরিবহন আইন মেনেই কাজ করছে উবার।তাই এই রায়ে উবারের ইউরোপ সেবায় তেমন কোনো প্রভাব পড়বে না বলে মনে করে উবার।
তবে এই রায় নতুন যুগের অ্যাপ নির্ভর অর্থনৈতিক চিন্তার প্রসারে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।
প্রযুক্তি উদ্যোক্তা রোহান সিলভা মনে করেন, লাখ লাখ মানুষ শুধু উবার নয় উবারের মত অ্যাপ দিয়ে পরিবহন পাচ্ছে। নগরে চলাচল এখন আগের চেয়েও বেশি সস্তা,সহজ এবং নির্ভরযোগ্য হয়েছে। ইউরোপিয় আদালতের এই রায়ে বোঝা যাচ্ছে এরকম অ্যাপভিত্তিক উদ্যোগের কপালে কঠোর নিয়ন্ত্রণ জুটবে। এতে করে এয়ারবিএনবির মত সুলভ রাইড শেয়ারিং সেবাও পড়বে নিয়ন্ত্রণের মুখে।
ইউরোপসহ বিশ্বজুড়ে নতুন ধারণার পরিবহন সেবাদাতা উবার নিয়ে আলোচনা-সমালোচনা রয়েছে। এই রায়ের আগে, উবারকে ঝূঁকিপূর্ণ এবং বিদেশি গুপ্তচররা এর অপব্যবহার করছে বলে সতর্ক করেন ইউরোপের আদালত।









